Home > News
অবৈধ ভিওআইপি: ঢাকা ফোনের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫


ঢাকা, মার্চ ১৪ - অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান ঢাকা ফোনের চেয়ারম্যান ও জিএমসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

রোববার বিকাল ৫টায় রাজধানীর মহাখালীর রূপায়ন টাওয়ারের ১৯ তলায় ঢাকা ফোনের প্রধান সংযোগ কক্ষে এ অভিযান চালায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাব।

এই কক্ষ থেকে সারাদেশে ঢাকা ফোনের সংযোগ নিয়ন্ত্রিত হয়।

বিটিআরসির কর্মকর্তা জুনিয়র কনসালটেন্ট কাওসার আহম্মেদ বলেন, এ অভিযানে বিটিআরসি ও র‌্যাব কর্মকর্তারা সেখানে অবৈধ ভিওআইপি কলের আলামত পান। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ফোন কতৃপক্ষ কোন জবাব দিতে পারেনি।

ওই সময় সেখান থেকে ঢাকা ফোনের চেয়ারম্যান হায়াতুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রকৌশল) হারুন-আল-আতাহার, পরিচালক কে এম শহিদুল�াহ, সিনিয়ন ম্যানেজার (প্রকৌশল) ইকরামুজ্জামান ও ম্যানেজার (বিলিং) হরি পোদ্দারকে আটক করা হয়।

কাওসার আরো জানান, গত বছরের ২৪ ডিসেম্বর অবৈধভাবে বৈদেশিক কল আদানপ্রদানের অভিযোগে বাড্ডা থানায় ঢাকা ফোনের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তখন অবৈধ সরঞ্জামও জব্দ করা হয়েছিল। ওই সময় তাদের সতর্ক করা হলেও আবার তারা অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়া মামলায় পরে তারা আর আদালতে হাজিরও হয়নি। রোববার ঢাকা ফোনের রূপায়ন টাওয়ারের অফিসে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার আলামত পাওয়া যায়।

আটক পাঁচজনকে রাতেই বাড্ডা থানার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

(সূত্র:বিডিনিউজ)

Hazrat Ali, 2010-03-15 10:20, Hit : 266