Home > News
চট্টগ্রামে কোস্টার হেজ শ্রমিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি
চাকরিতে পুনর্বহালের দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের দুটি পক্ষ। গতকাল দুপুরে এক পক্ষের অনশন কর্মসূচির সময় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বকেয়া পাওনা পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন মিছিল-সমাবেশ করে নগরের আগ্রাবাদ এলাকায়। সংগঠনের বাংলাবাজারের কার্যালয় থেকে মিছিল বের করে শ্রমিক ইউনিয়ন। মিছিলটি আগ্রাবাদ ঘুরে বাংলাবাজারে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, সংগঠনের শ্রমিকদের বকেয়া মজুরি ও কল্যাণ তহবিলের প্রায় এক কোটি টাকা এখনো জমা আছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাংসদ এম এ লতিফের কাছে। তাঁরা এই টাকা ফেরত চান। আগামী ১৫ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিকে প্রায় একই ব্যানারে শ্রমিকদের আরেকটি পক্ষ শুধু চাকরিতে পুনর্বহালের দাবিতে নগরের আগ্রাবাদ এলাকায় অনশন কর্মসূচি পালন করে। আগ্রাবাদের বাদামতলী মোড়ের অদূরে শ্রমিকেরা রাস্তার ওপর বসে এ কর্মসূচি পালন করে। এতে দুপুরে আগ্রাবাদ এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে তুলে দেয়। পরে তারা রাস্তার এক পাশে কর্মসূচি পালন করে।
এ পক্ষের শ্রমিক মো. হোসেন বলেন, ‘সাংসদ এম এ লতিফের নির্দেশে আমরা অনশন কর্মসূচি পালন করেছি।
(সূত্র: প্রথম আলো)

Hazrat Ali, 2010-03-15 11:02, Hit : 267