Home > News
'৭১-এ সংখ্যালঘু হত্যার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে


হবিগঞ্জ, মার্চ ০৪ - একাত্তরে শতাধিক সংখ্যালঘু হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে।

ওই উপজেলার কৃষ্ণপুর গ্রামের হরি দাস রায় হবিগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, একাত্তরে রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে হিন্দু সম্প্রদায়ের ১২৭ জনকে হত্যায় জড়িত ছিলেন লিয়াকত আলী।

মামলায় লিয়াকত ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় বাদির সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা।

মামলায় বলা হয়, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোররাতে আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষ্ণপুর গ্রাম ঘেরাও করে হিন্দু সম্প্রদায়ের ১২৮ জনকে এক সারিতে দাঁড় করিয়ে গুলি চালায়; এতে ১২৭ জন নিহত হয়।

বাদি জানান, সেদিনের ১২৮ জনের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হলেন তিনি।

আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য আবুল হাশেম মোল্লা মাসুম সাংবাদিকদের জানান, একাত্তরে লিয়াকত রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত ছিলো।

তিনি বলেন, "১৯৬৭ সালে কৃষ্ণপুর গ্রামে একটি ডাকাতির ঘটনায় লিয়াকত আলীর বাবাসহ তার কয়েকজন আত্মীয়ের পাঁচ বছর সাজা হয়েছিলো। এর প্রতিশোধ নিতে রাজাকার বাহিনী নিয়ে লিয়াকত আলী ওই হত্যাকাণ্ড ঘটায়।"

হরি দাসের মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জিলু মিয়া, ক্ষিতিশ গোপ প্রমুখ।

এ বিষয়ে লিয়াকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। লিয়াকত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগে আছেন বলে স্থানীয়রা জানায়।

(সূত্র:বিডিনিউজ)

Hazrat Ali, 2010-03-04 11:41, Hit : 260