Home > News
 সরকারি রাজস্ব ব্যাংক কর্মচারীদের পকেটে!
বিদ্যুৎ বিল পরিশোধের সময় ব্যাংক কর্তৃপক্ষ সাধারণত বিলের গায়ে সরকারি একটি রাজস্ব টিকিট লাগান। কিন্তু সাতক্ষীরার কয়েকটি ব্যাংকে সেই টিকিট লাগানো হচ্ছে না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পকেট ভারী হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলার ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এক লাখ নয় হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে ঝাউডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের আওতায় গ্রাহক রয়েছে ৪০ হাজার। গ্রাহকেরা রূপালী, কৃষি, জনতা, পূবালী, আইএফসি ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, ২০০ টাকার বেশি বিল পরিশোধের সময় গ্রাহকের বিলে পাঁচ টাকা মূল্যের সরকারি রাজস্বের টিকিট ব্যবহার বাধ্যতামূলক।
খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা রূপালী ব্যাংক শাখায় প্রতি মাসে সাড়ে তিন হাজার গ্রাহক, কলারোয়া উপজেলা সদরের রূপালী ব্যাংক শাখায় প্রতি মাসে ১৫ হাজার ও কৃষি ব্যাংক শাখায় প্রতি মাসে তিন হাজার গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেন। বাকি বিল আরও কয়েকটি শাখায় জমা নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ২০০ টাকার ওপর প্রতিটি বিল গ্রহণ করার আগে পাঁচ টাকার রাজস্ব টিকিট লাগাবেন। টিকিটের টাকা পল্লী বিদ্যুৎ সমিতি সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধ করবে। অর্থাৎ প্রতিটি ২০০ টাকার বেশি বিল থেকে সরকার রাজস্ব পাবে পাঁচ টাকা। টিকিট লাগানো না হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ লাভবান হবে।
অভিযোগ রয়েছে, ব্যাংকগুলোর উপরিউক্ত শাখায় পল্লী বিদ্যুতের বিল পরিশোধের সময় অধিকাংশ বিলে সরকারি রাজস্ব টিকিট ব্যবহার করা হয় না। এসব টাকা সংশ্লিষ্ট ব্যাংকের কয়েকজন কর্মচারী-কর্মকর্তা মিলে পকেটে পুরেন। এতে সরকার প্রতি বছর কয়েক লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলার রূপালী ব্যাংকে ঝাউডাঙ্গা শাখায় জুন মাসের বিল গত ২৬ জুলাই পরিশোধ করেন গোবিন্দকাঠি গ্রামের মহিদুল ইসলাম, হাজিপুর গ্রামের ফজর আলী, লিয়াকাত আলী, মুকন্দপুর গ্রামের আব্দুল খালেক ঢালি, ওয়ারিয়া গ্রামের আবুল হোসেন, মনোরঞ্জন ঘোষ ও আমতলা গ্রামের রেজাউল ইসলাম। এসব বিলে সরকারি রাজস্ব টিকিট লাগানো হয়নি।
কলারোয়া রূপালী ব্যাংক শাখায় গত সোমবার লাঙ্গলঝাড়া গ্রামের ললিত দাশ, তুলসীডাঙ্গা গ্রামের সুমন দেবনাথ, সমীর চক্রবর্তী, রোমজান আলী, মির্জাপুর গ্রামের শহিদুল ইসলাম, কয়লা গ্রামের মফিজুল ইসলাম ও ঝিকরা গ্রামের আখলাকুর রহমানসহ অনেকে বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এসব বিলেও টিকিট লাগানো হয়নি।
রূপালী ব্যাংকের ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক সাঈদ মোস্তফা জানান, প্রতিদিন অনেক বিল গ্রহণ করতে হয়। এ জন্য কখনো ভুল হতে পারে। ইতিমধ্যে এ ধরনের অভিযোগ পাওয়ায় বিল গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কলারোয়া শাখার রূপালী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম কিছুদিন আগে কয়েকটি বিলে টিকিট লাগানো হয়নি বলে স্বীকার করেন। তিনি জানান, বর্তমানে এমন হওয়ার কথা নয়। ব্যাংকের দেয়ালে সাঁটানো লিফলেটে লেখা রয়েছে, বিলের কাগজে টিকিট লাগানো হয়েছে কি না তা গ্রাহক দেখে নেবেন। তারপরও অভিযোগ যেহেতু উঠেছে বিষয়টি তিনি নিজে দেখবেন।
কলারোয়া শাখার কৃষি ব্যাংক ব্যবস্থাপক তুষার কান্তি সরকার বলেন, ভুলের কারণে দুই-চারটি বিলে এমনটা হতে পারে। ইচ্ছা করে বা অন্য কোনো উদ্দেশে রাজস্ব টিকেট না লাগানোর সুযোগ নেই।
পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গার উপ-মহাব্যবস্থাপক কামরুল ইসলাম গোলদার জানান, রাজস্ব টিকিট ব্যবহার না করায় সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতে এক শ্রেণীর অসাধু ব্যাংক কর্মকর্তা-কর্মচারী লাভবান হচ্ছেন। কয়েক মাস আগে কলারোয়া রূপালী ব্যাংকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়।

Hazrat Ali, 2011-07-30 21:36, Hit : 1,495