Home > News
বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ
বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় চারটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। এ সময় বেগম রোকেয়া সরণি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই চারটি পোশাক কারখানা হলো আকিক অ্যাপারেলস লিমিটেড, মোমেন অ্যাপারেলস লিমিটেড., ইয়থ গার্মেন্টস লিমিটেড ও মিসামি গার্মেন্টস লিমিটেড।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে এ চারটি কারখানার শ্রমিকেরা যথারীতি কাজ শুরু করেন। তবে সাড়ে নয়টার দিকে মিসামি ও ইয়থ গার্মেন্টসের শ্রমিকেরা বের হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এর কিছুক্ষণ পরই মোমেন ও আকিক অ্যাপারেলসের শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা বাইরে থেকে ওই চারটি কারখানায় ইটপাটকেল ছোড়েন ও মিসামি গার্মেন্টন্সের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন।
শ্রমিকেরা প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, তাঁদের সকালের নাশতা ও দুপুরের খাবার বাবদ, হাজিরা বোনাস, ঈদ-বোনাসসহ বিভিন্ন খাতে খুব অল্প টাকা দেওয়া হয়। এক দিন অনুপস্থিত থাকলে মাসিক বেতন পরের মাসের ১৫-২০ তারিখে দেওয়া হয়। বছরে ছুটি বলতে তেমন কিছু নেই। এমনকি অন্তঃসত্ত্বা নারীকর্মীদের জন্য ছুটির কোনো বিধান রাখেনি কারখানা কর্তৃপক্ষ। তাই তাঁরা বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে অর্থ বৃদ্ধি এবং সুযোগ-সুবিধার দাবিতে আজ বিক্ষোভ করেছেন।
আকিক অ্যাপারেলসের পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে কোনো ঘোষণা হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’ তিনি দাবি করেন, নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তাঁর প্রতিষ্ঠানে দাবিদাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ইতিহাস নেই। আকিক মোমেন একই ভবনে অবস্থিত।
এদিকে একই ভবনে অবস্থিত মোমেন গার্মেন্টসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। আর অন্য দুটি প্রতিষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইলে জানানো হয়, কারখানা কর্তৃপক্ষ বৈঠকে বসেছেন। পরে তাঁরা এ বিষয়ে কথা বলবেন।
ঘটনাস্থলে উপস্থিত কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে সাত-আট শ শ্রমিক বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। (Ref: প্রথম আলো)

Hazrat Ali, 2013-05-27 15:10, Hit : 565