Home > News
গাজীপুর-আশুলিয়ায় বিক্ষোভ কর্মবিরতি, ১২ কারখানা ছুটি
বেতন-ভাতা ও নাশতার বিল বৃদ্ধি, হাজিরা বোনাস, মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়া ও গাজীপুর সদর উপজেলায় গতকাল রোববারও তৈরি পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন অন্তত ৩১ জন। শ্রমিক বিক্ষোভের কারণে ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক, কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কসিন বাংলাদেশ লিমিটেড ও পার্কস্টার অ্যাপারেলস লিমিটেডের প্রায় দেড় হাজার পোশাকশ্রমিক বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। তাঁদের আন্দোলনে অন্যান্য কারখানার শ্রমিকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তাঁদের আহ্বানে আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে আসেন। শ্রমিক বিক্ষোভের কারণে বোর্ডবাজার ও বড়বাড়ী এলাকার মুন্নি সোয়েটার লিমিটেড, ইউনি গিয়ার্স লিমিটেড, লি-নভেটেক্স (প্রা.) লিমিটেড, ডডি এক্সপোর্ট ওয়্যার লিমিটেড, রুপা নিটওয়্যার, রুপা ফেব্রিক্স, লাক্সমা সোয়েটার, ইন্টারফ্যাব লিমিটেডসহ অন্তত ১২টি কারখানা গতকাল ছুটি ঘোষণা করে। এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছাত্রভঙ্গ করে দেয়।
বেলা ১১টার দিকে শ্রমিকেরা আবার সংঘবদ্ধ হয়ে মহাসড়কে উঠতে চাইলে পুলিশ কয়েক দফায় তাঁদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের গাজীপুর সদর হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও তায়রুন নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্কস্টার অ্যাপারেলস কারখানার সুইং আপারেটর পারভীন আক্তার ও রোজিনা আক্তার জানান, সর্বনিম্ন বেতন পাঁচ হাজার থেকে বাড়িয়ে আট হাজার করা, বাৎসরিক ছুটির টাকা প্রতিবছর দেওয়া, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানায় শ্রমিকেরা কর্মরিতি ও বিক্ষোভ করেন।
পার্কস্টার অ্যাপারেলসের ব্যবস্থাপক (প্রশাসন) মেহেদী হাসান বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। তাঁরা বিজিএমইএর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এই পরিস্থিতিতে কারখানা দুটি ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে আশপাশের ১০-১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আশপাশের এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আশুলিয়ার জামগড়ার প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা সকালে কর্মবিরতি পালন শুরু করেন। সকাল ১০টার দিকে একদল সশস্ত্র বহিরাগত কারখানায় ঢুকে শ্রমিকদের মারধর করে। প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা বহিরাগতদের ধাওয়া করেন। পরে কারখানার শ্রমিকেরা যোগ দিয়ে ধাওয়া করে বহিরাগতদের বের করে দেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। শ্রমিকেরা আবদুস সাত্তার নামের গোয়েন্দা পুলিশের এক সদস্যকে বহিরাগত ভেবে মারধর করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে কারখানা গতকাল ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকেরা অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসীরা কারখানার ঝুট ব্যবসার সঙ্গে জড়িত স্থানীয় এক প্রভাবশালীর লোকজন। শ্রমিকদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিরত করতে তাদের আনা হয়েছিল।
আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের কারখানা বন্ধ দেখে শ্রমিকেরা সকালে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। শিমুলতলার ডংলিয়ন ও জামগড়ার ডিজাইনার জিনস, টঙ্গাবাড়ীর নেসারাল ডেনিমসসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা গতকাল বিক্ষোভ করেন। শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন ধরে এসব কারখানা বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সাত্তার বলেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন। অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। (Ref: prothomalo)

Hazrat Ali, 2013-05-27 15:13, Hit : 635